চাঁদপুরে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন চলাচল ও যাত্রীসেবার সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯মার্চ (সোমবার) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
তিনি বক্তব্যে বলেন, ঈদকে কেন্দ্র করে সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের যাতায়াতে যেন কোনো ধরনের ভোগান্তি না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি করবে। ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রীদের হয়রানির কোনো সুযোগ নেই। কোনো পরিবহন বা ব্যক্তি অতিরিক্ত ভাড়া আদায় করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নৌপথে লঞ্চ বা অন্যান্য জলযানে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। একইভাবে সড়কপথে বাস, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য যানবাহনে নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে দায়িত্ব পালন করবেন। কোথাও অতিরিক্ত যাত্রী পরিবহন বা ভাড়া বৃদ্ধির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, ট্রেনস্টেশনসহ পরিবহনকেন্দ্রিক এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। ঈদকে সামনে রেখে কেউ যদি যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের সময় মানুষ পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের জন্য বাড়িতে ফিরতে চায়, তাই তাদের যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি থাকবে।
তিনি সংশ্লিষ্ট দপ্তর, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, চাঁদপুরকে একটি নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, বাংলাদেশ কোস্টগার্ডের পিও সোহেল রানা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি
দেওয়ান মো: শফিকুজ্জামান, চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, খেলাফত মজলিশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, শ্রমিক পরিবহন ইউনিয়নের সভাপতি বাবুল মিজি, চাঁদপুর গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এন জামিউল হিকমা, এন এস আই সহকারী পরিচালক মো. রেজাউল করিম, চাঁদপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: শোয়েবুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি মনজুর আহমেদ চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেন।
সভায় ঈদ উপলক্ষে চাঁদপুরের সড়ক, নৌ ও রেলপথে যাত্রীসেবার মান উন্নয়ন, যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
# নিজস্ব প্রতিবেদক