চাঁদপুর শহরের বাগাদী রোডস্থ পৌর মহাশ্মশান মন্দির কমপ্লেক্সে শুরু হয়েছে ৩ দিনব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। উৎসবের দ্বিতীয় দিন বুধবার (২৫ মার্চ ২০২৬ ইং) রাত সাড়ে ১০টায় মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে আয়োজক ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. মোশারফ হোসেন।
শুভেচ্ছা বিনিময়কালে হাজী মো. মোশারফ হোসেন বলেন, চাঁদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জনপদ। আপনাদের এই মিলনমেলা আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। এই উৎসবের মাধ্যমে বিশ্বশান্তি ও মানবকল্যাণ সাধিত হোক এটাই আমাদের প্রত্যাশা।
এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন, পৌর মহাশ্মশান কমিটির সভাপতি খোকন পোদ্দার, কোষাধক্ষ নেপাল সাহা, মহাশ্মসান পরিচালনা পরিষদের সদস্য চন্দ্রনাথ ঘোষ চন্দন, চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তমাল ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, জন্মষ্ঠমীর সভাপতি পরেশ চন্দ্র মালাকার, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব মানিক ঘোষ প্রমুখ।
এছাড়াও পৌর মহাশ্মশান উৎসব কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ মার্চ ব্রাহ্মমুহূর্তে শুরু হওয়া এই নামযজ্ঞ অনুষ্ঠান আগামী ২৬ মার্চ মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপন হবে। পরবর্তীতে আগামী ৪ এপ্রিল বার্ষিক শীতলা পূজা ও মহাশ্মশান কালী পূজা এবং ২৩ এপ্রিল ত্রিনাথ ঠাকুরের মেলার মাধ্যমে দীর্ঘ এই ধর্মীয় আয়োজনের পরিসমাপ্তি ঘটবে।