মোঃ হানিফ মিয়াজি, শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা বাজারে কথিত মাদক কারবারি ও বখাটে যুবক ফজলে রাব্বী সবুজের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ জুন দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ফজলে রাব্বী সবুজ দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি ও নির্যাতন করে আসছে। স্থানীয়দের দাবি, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে এলাকায় আধিপত্য বিস্তার করলেও বর্তমানে নতুন পরিচয়ে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানান, সম্প্রতি আফ্রিকা প্রবাসী লোকমান হোসেনের ওপর হামলার ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, গত ২৯ মে নামাজ শেষে বাড়ি ফেরার পথে লোকমান হোসেনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় লোকমান হোসেনসহ আরও কয়েকজন আহত হন। পরে সবুজ উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে মামলা দায়ের করলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ আরও বেড়ে যায়।
প্রবাসী লোকমান হোসেন অভিযোগ করে বলেন, দেশে ফেরার পর তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি ছাড়াও রবিন ও সাহেদ নামে আরও দুইজন আহত হন।
বিক্ষোভে অংশগ্রহণকারী মো. আবদুল খালেক অভিযোগ করেন, বিকাশের মাধ্যমে প্রতারণা করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল, যা পরে স্থানীয় সালিশের মাধ্যমে ফেরত দিতে বাধ্য করা হয়।
অন্যদিকে সবুজের শাশুড়ি দাবি করেন, তার মেয়েও দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় তারা আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান তিনি।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত নারী-পুরুষেরা ফজলে রাব্বী সবুজের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
স্থানীয়দের ভাষ্য, কোনো বখাটে বা কথিত মাদক কারবারির বিরুদ্ধে শাহরাস্তিতে সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত ও বৃহৎ বিক্ষোভ সমাবেশ এর আগে খুব কমই দেখা গেছে। ফলে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।