মোঃ হানিফ মিয়াজি শাহরাস্তি প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ-এর ওপর হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহরাস্তি প্রেসক্লাব।
বুধবার (১৭ জুন ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু এ নিন্দা জানান।
বিবৃতিতে সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল বলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে প্রেসক্লাব থেকে তুলে নিয়ে নির্মমভাবে মারধর করার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
প্রসঙ্গত, হাজীগঞ্জের মাতৃমায়া আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে সাংবাদিক মহিউদ্দিন আল আজাদের ওপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, হাজীগঞ্জ বাজারস্থ মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করে। ঘটনার পর সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।