নিজস্ব প্রতিবেদক, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে অবস্থিত ম্যাক্স ভিআইপি প্রা. লিমিটেড হাসপাতালে এক মাদ্রাসা শিক্ষার্থীর ভাঙা হাতের চিকিৎসা হাসপাতালের ম্যানেজার ও সাবেক ইউপি সদস্য আসলাম মিয়াজী চিকিৎসক পরিচয়ে করেছেন এমন অভিযোগ উঠেছে। চিকিৎসার প্রায় এক মাস পরও শিশুটির হাতের অবস্থার উন্নতি না হওয়ায় পরিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে।
অভিযোগের পর ঘটনাটি তদন্তের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই উপজেলার তেলিমাছুয়াখাল গ্রামের বাসিন্দা মো. সোহাগের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মো. ইয়াছিন (১০) খেলতে গিয়ে ডান হাত ভেঙে ফেলে। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য নারায়ণপুর বাজারের ম্যাক্স ভিআইপি প্রা. লিমিটেড হাসপাতালে নিয়ে যান।
অভিযোগে বলা হয়, হাসপাতালের ম্যানেজার ও সাবেক ইউপি সদস্য আসলাম মিয়াজী নিজেই চিকিৎসক পরিচয়ে শিশুটির ভাঙা হাতে ব্যান্ডেজ করেন। এ সময় চিকিৎসা ও ব্যান্ডেজ বাবদ দুই দফায় মোট সাড়ে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। পরপর দুই দিন ব্যান্ডেজ পরিবর্তনের পরও শিশুটির অবস্থার উন্নতি হয়নি। প্রায় এক মাস পর পুনরায় এক্স-রে করলে দেখা যায়, হাতের ভাঙা অংশ আগের অবস্থাতেই রয়েছে।
বর্তমানে সে তীব্র ব্যথায় ভুগছে এবং মাদ্রাসায়ও যেতে পারছে না।
আহত শিক্ষার্থীর দাদা মো. আবুল কালাম গত ৩ আগস্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে দাবি করেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ ওমর ফারুককে বিষয়টি জানালে তিনি আশ্বস্ত করে বলেন, কোনো সমস্যা হবে না, বাচ্চা বড় হলে ঠিক হয়ে যাবে। এতে সন্তুষ্ট না হয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
অভিযোগের বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ ওমর ফারুক বলেন, শিশুটির চিকিৎসা ও ব্যান্ডেজ করেছেন চিকিৎসক ডা. ইব্রাহিম খলিল। হাসপাতালের ম্যানেজার আসলাম মিয়াজী কেবল চিকিৎসককে সহযোগিতা করেছেন। তবে ডা. ইব্রাহিম খলিল অর্থোপেডিকস বিশেষজ্ঞ কি না এ প্রশ্নের তিনি সরাসরি উত্তর দেননি।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রায়হান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট ব্যক্তি ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের কাছে শোকজ নোটিশ পাঠানো হবে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত