নিজস্ব প্রতিনিধি: ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ ও ‘জলবায়ুর অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে দুর্জয় তারুণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) যুব উন্নয়ন অধিদপ্তর ও সনাক-টিআইবির উদ্যোগে আয়োজিত র্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক যুব দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা এবং তরুণদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় যুব প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুরের ডেপুটি কো-অর্ডিনেটর মো. কফিল উদ্দিন বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে যুবকদের ভূমিকা অনস্বীকার্য। যুব সমাজের অনবদ্য অবদানের মাধ্যমেই দেশ ও সমাজের উন্নয়ন ছড়িয়ে পড়ছে। শুধু আন্দোলন করলেই হবে না, লেখাপড়া ও দক্ষতা অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দুর্নীতি অক্টোপাসের মতো সমাজে ছড়িয়ে পড়েছে। এটি একদিনে দূর করা সম্ভব নয়। দুর্নীতি প্রতিরোধে তরুণ ও যুবকদের এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে। রাষ্ট্রের কাছ থেকে কী পেলাম এর পাশাপাশি রাষ্ট্রকে কী দিতে পেরেছি, সেটিও ভাবতে হবে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
তিনি যুবকদের আত্মকর্মী ও স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান এবং এমন আয়োজনের জন্য সনাক ও টিআইবিকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসি বলেন, একটি দেশের প্রাণশক্তি হলো যুবশক্তি। দেশের চালিকাশক্তিও যুব সমাজ। যুবকরা দুর্নীতিমুক্ত থাকতে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারলে সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব।
তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে তরুণরা যে প্রশিক্ষণ গ্রহণ করছে, তার সুফল ভবিষ্যতে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারুণ্যের শক্তিকে জাতীয় উন্নয়নের চালিকাশক্তিতে রূপান্তর করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নেও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিদর্শক অভিজিত দে, সনাক সদস্য খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, মো. হাবীবুর রহমান পাটওয়ারী ও মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসিজি সমন্বয়কারী মো. জাকির হোসেন।
দিবসের ওপর ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস গ্রুপের সহ-দলনেতা শৈলী দাস ও স্বাধীন দত্ত। দিবসের ওপর বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী বর্ষা চন্দ ও আফসান মাহমুদ রাফি।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী এবং সনাক-চাঁদপুরের ইয়েস গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।
এ সময় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে তরুণদের জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, উদ্ভাবনী উদ্যোগে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সহায়তা, তারুণ্যনির্ভর জাতীয় কৌশল প্রণয়ন, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও প্রযুক্তিগত অবকাঠামো নিশ্চিত করা এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়।
এ ছাড়া আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আধুনিক ও কারিগরি শিক্ষার প্রসার, সবুজ কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সুবিধা, প্রান্তিক তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ প্রণোদনা, দুর্যোগে ক্ষতিগ্রস্ত তরুণদের পুনর্বাসনে রাষ্ট্রীয় তরুণ সুরক্ষা তহবিল গঠন এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত