নুর মোহাম্মদ পাটোয়ারী : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের জাকনি গ্রামে নিজস্ব উদ্যোগে গড়ে উঠেছে এম.আর. বি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম। খামারটির পরিচালক মুজাহিদ পাটোয়ারী দীর্ঘদিন ধরে গবাদিপশু ও পোলট্রি পালন করে স্বাবলম্বী হয়েছেন। তার উদ্যোগ স্থানীয় অন্যান্য খামারিদেরও অনুপ্রাণিত করছে।
খামার ঘুরে দেখা যায়, সেখানে রয়েছে শতাধিক দুধেল গাভি, বকনা ও বাছুর। পাশাপাশি রয়েছে দেশীয় মহিষ, গাড়লসহ বিভিন্ন ধরনের গবাদিপশু। উন্নত জাতের গরু, ছাগল, হাঁস ও মুরগি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থাও রয়েছে খামারটিতে।
নিজস্ব উদ্যোগে গড়ে তোলা এ খামারটি বর্তমানে হাজীগঞ্জের অন্যতম বড় খামার হিসেবে পরিচিতি পেয়েছে। আধুনিক ব্যবস্থাপনা, নিয়মিত পরিচর্যা ও দীর্ঘদিনের অভিজ্ঞতার মাধ্যমে খামার পরিচালনা করে উপজেলা পর্যায়ে সেরা খামারি নির্বাচিত হয়েছেন মুজাহিদ পাটোয়ারী।
মুজাহিদ পাটোয়ারী বলেন, গবাদিপশু পালনকে শুধু ব্যবসা হিসেবে নয়, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতার মাধ্যম হিসেবেও দেখছেন তিনি। ভবিষ্যতে খামারটি আরও সম্প্রসারণ করে উন্নত জাতের পশু উৎপাদন এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, খামার পরিচালনায় নিয়মিত পরিশ্রম ও পশুর সঠিক পরিচর্যার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রাণিসম্পদ বিভাগের পরামর্শকে গুরুত্ব দেওয়া হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমেনা আক্তার বলেন, মুজাহিদ পাটোয়ারী নিজ উদ্যোগে খামার গড়ে তুলে তা সুন্দরভাবে পরিচালনা করছেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার মতো সফল খামারির উদ্যোগ অন্যদেরও গবাদিপশু পালনে উৎসাহিত করবে।
স্থানীয়দের মতে, নিজ উদ্যোগে বড় পরিসরে গড়ে তোলা এ খামার শুধু মুজাহিদ পাটোয়ারীকে স্বাবলম্বী করেনি, বরং হাজীগঞ্জে আধুনিক গবাদিপশু পালনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত