শুক্রবার (২১ আগস্ট) চাঁদপুর প্রেসক্লাব ভবনে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের আয়োজনে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাক্টিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)-এর দেড় শতাধিক সদস্য অংশ নেন।

সনাক চাঁদপুরের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে এবং সনাক সদস্য মো. হাবীবুর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী। সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান।
সভায় ২০২২ সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বাস্তবায়িত ‘প্যাক্টা’ প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি খাতে পরিচালিত নাগরিক উদ্যোগের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ ও উত্তরণের কৌশল উপস্থাপন করেন এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা।

অংশগ্রহণকারীরা দলভিত্তিক আলোচনায় স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা, অর্জন ও শিক্ষণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি স্থানীয় তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে আন্দোলনকে আরও জোরদার করার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করেন।
কাজী শফিকুর রহমান বলেন, টিআইবি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও ন্যায্যতাভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখে। বাংলাদেশের মানুষ যুগে যুগে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেও এখনো একটি নিরাপদ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হয়নি।
তিনি বলেন, মানুষ ছোটখাটো কোনো বস্তু ছিনতাই হলে প্রতিবাদ করে; কিন্তু বহুদিনের লালিত স্বপ্ন যখন ছিনতাই হয়ে যায়, তখন অনেক সময় প্রতিবাদ করে না। মানুষের সেই স্বপ্ন যাতে কেউ ছিনতাই করতে না পারে, সে লক্ষ্যেই টিআইবি কাজ করে যাচ্ছে। স্থানীয় অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে সচেতন নাগরিকদের পাশাপাশি তরুণ ও তরুণ সংগঠকদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
স্বাগত বক্তব্যে জেসমিন আক্তার জেসী বলেন, স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতে সবাইকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। ইতোমধ্যে ছোট ছোট অনেক অর্জন হয়েছে, তবে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তা যথেষ্ট নয়। বিভিন্ন আন্দোলনে তরুণরা যেভাবে এগিয়ে এসেছে, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনেও তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আলমগীর পাটওয়ারী বলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তারা হৃদয়ে ধারণ করেন এবং নৈতিক দায়িত্ববোধ থেকেই এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন। আন্দোলনকে লক্ষ্যে পৌঁছাতে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশের জন্য পূর্বসূরিরা বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছেন। সেই সংগ্রাম এখনো শেষ হয়নি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে নতুন করে দায়িত্ব নিতে হবে। তিনি তরুণদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন সনাক চাঁদপুরের সহ-সভাপতি অ্যাডভোকেট পলাশ মজুমদার, সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন ও কাজী শাহাদাত।
এ সময় সনাক সদস্য কৃষ্ণা সাহা, ইসমত আরা সাফি বন্যা, এ.বি.এম. নজরুল আমিন, লীলা মজুমদার, মো. খোরশেদ আলম পাটওয়ারীসহ বিভিন্ন এসিজি ও ইয়েস দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সনাক সভাপতি ইঞ্জিনিয়ার মো. আলমগীর পাটওয়ারীর নেতৃত্বে অংশগ্রহণকারীরা দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। পরে উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত