স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাঁদপুরে নজরুল বর্ষ উপলক্ষে ১০ দিনব্যাপী নাট্যোৎসব-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাট্যোৎসবের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি বলেন, “নাটক মানুষের কথা বলে, সমাজের কথা বলে। একটি ভালো নাটক মানুষের চিন্তা ও চেতনায় পরিবর্তন আনতে পারে। তাই আমাদের তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।”
তিনি বলেন, নজরুল শুধু একজন কবি বা সাহিত্যিক নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সৃষ্টিকর্ম সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে যাওয়ার পথ দেখায়। নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সন্তানদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে। একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলের বিদ্রোহী চেতনা ও মানবিক দর্শনকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুরের সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। এ জেলার শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী ও সাংস্কৃতিক সংগঠকদের অবদান দীর্ঘদিনের। এই ধারাকে আরও এগিয়ে নিতে নিয়মিত সাংস্কৃতিক চর্চা এবং নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, নাট্যকার ও নির্দেশক মইনুদ্দিন লিটন এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী মনিরা বেগম চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নাট্যকর্মী, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা।
১০ দিনব্যাপী এ নাট্যোৎসবে বিভিন্ন নাট্যদলের পরিবেশনায় নাটকসহ নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত