মোঃ আনোয়ার মৃধা: আসন্ন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে এক প্রেস বার্তা এবং খোলা চিঠি প্রদান করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সাগর।
এক বিবৃতিতে তিনি উপজেলার সর্বস্তরের জনগণ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। আগামী উপজেলা নির্বাচনে প্রার্থিতার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, "আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। দলটি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় স্থানীয় সরকার নির্বাচনে একাধিক প্রার্থী থাকাটা স্বাভাবিক এবং ইতিবাচক দিক। তবে দলের দুঃসময়ে কে কতটুকু ভূমিকা রেখেছেন এবং রাজপথে প্রত্যক্ষ দায়িত্ব পালন করেছেন, তা ত্যাগী জিয়ার সৈনিকেরা ভালো করেই জানেন।"
তিনি তথ্য উল্লেখ করে জানান, অদ্যাবধি উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা প্রায় ৭ জন এবং তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে। নতুন সব প্রার্থীদের ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিগত ১৮ বছর ধরে তিনি মতলব দক্ষিণের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে জনগণের পাশেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
নিজের রাজনৈতিক সততা ও আনুগত্যের কথা তুলে ধরে সাবেক এই ভাইস চেয়ারম্যান বলেন, "বিরোধী দলে থাকাকালীন আমি দুবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলাম। একবার দলীয় সিদ্ধান্ত মেনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি এবং জনগণের ভালোবাসা ও সর্বোচ্চ ভোটে বিজয়ী হই। পরবর্তীতে চেয়ারম্যান প্রার্থী হলেও দলীয় ফোরামের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করি। আগামী দিনে চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের দিকনির্দেশনায় অসমাপ্ত পথ চলতে আমি অবিচল আছি।"
বিবৃতিতে তিনি নামধারী স্বার্থান্বেষী মহল থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রতিপক্ষ বা ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, "খেলা হবে ব্যালট বিপ্লবের মাধ্যমে, কোনো বাঁকা পথে নয়। কিছু সুবিধাবাদী চক্র ত্যাগী নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা প্রতিহত করতে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে।"
সবশেষে মতলব দক্ষিণ উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সাহায্য প্রার্থনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত