লক্ষ্মীপুরে নকল ও নিম্নমানের ঘি বিক্রির অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৩৫০ কেজি নিম্নমানের ঘি জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মজুপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ উদ্যোগে ‘প্রত্যয় ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি ‘আল-মদিনা’, ‘মামনী’ ও ‘এপি-১’ নামের নকল ঘির ডিলারশিপ নিয়ে ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযানে জানানো হয়।
নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নেপুন চন্দ্র দাসকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। অভিযানে উদ্ধার করা প্রায় ৩৫০ কেজি নিম্নমানের ঘি পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।
লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীর সমন্বয়ে পরিচালিত অভিযানে ডিএসআই গৌরপদ সাহা, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তাজুল ইসলাম এবং এনএসআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল লক্ষ্মীপুর ডিবি পুলিশের একটি দল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, নকল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত