রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠান পল্লী সঞ্চয় ব্যাংকের একটি প্রতিনিধি দল অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় উপদেষ্টার হাতে ব্যাংকের প্রথম বিশেষ প্রকাশনা ও ধারণাপত্র ‘সবার আগে বাংলাদেশ : নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগ’ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
জাতীয় ইশতেহার ২০২৬-এর উন্নয়ন এজেন্ডার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের কর্মকর্তাদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তিতে ধারণাপত্রটি তৈরি করা হয়েছে। গ্রামীণ অর্থনীতি পুনর্গঠন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এতে কৌশলগত রূপরেখা তুলে ধরা হয়েছে।
ধারণাপত্রে চারটি কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। ডিজিটাল ইকোসিস্টেম ঋণ কর্মসূচি-এর মাধ্যমে গ্রামীণ তরুণদের আইটি ও অনলাইন সেবায় উৎসাহিত করে প্রান্তিক পর্যায়ে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার কথা বলা হয়েছে।
পল্লী নারী উদ্যোক্তা ঋণ কর্মসূচি নারী উদ্যোক্তাদের সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সহায়তার লক্ষ্য নির্ধারণ করেছে। এক গ্রাম এক পণ্য ঋণ কর্মসূচি আঞ্চলিক ঐতিহ্যবাহী পণ্যের মানোন্নয়ন এবং সেগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার কথা বলেছে।
এ ছাড়া পল্লী সবুজায়ন কর্মসূচি-তে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ ও সবুজ বনায়ন সৃষ্টির উদ্যোগ রাখা হয়েছে।
সাক্ষাৎকালে দেশের সামষ্টিক অর্থনৈতিক সংস্কার, প্রান্তিক পর্যায়ে আর্থিক সেবা জোরদার এবং সরকারের কৌশলগত উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে ব্যাংকের সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা হয়।
ব্যাংক-সংশ্লিষ্টরা দাবি করেন, জনগণের কল্যাণ ও সরকারের দীর্ঘমেয়াদি দেশ গঠন অভিযাত্রায় পল্লী সঞ্চয় ব্যাংক একটি নির্ভরযোগ্য ও গতিশীল প্রাতিষ্ঠানিক সহযোগী হিসেবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত