ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এসে বাংলাদেশি অভিনেত্রী ও ‘জুলাই যোদ্ধা’ আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ‘এনসিপি ডায়াস্পোরা ইতালি’। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি ভেনিসে প্রতিবাদী অবস্থান ও সংবাদ সম্মেলন আয়োজন করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিদেশের মাটিতে একজন বাংলাদেশি নাগরিক ও শিল্পীর ওপর হয়রানির অভিযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং ইতালির স্থানীয় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রতিবাদের অংশ হিসেবে এনসিপির একটি প্রতিনিধি দল রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেয়। দূতাবাসের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ‘হেড অব চ্যান্সারি’ মারজাক ইসলাম।
স্মারকলিপিতে বাঁধনসহ বিদেশে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজন হলে আইনি ও কূটনৈতিক সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক হামলা বা হুমকির শিকার হলে বিষয়টি কেবল ব্যক্তিগত ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এ ধরনের ঘটনায় বাংলাদেশ দূতাবাস, কনস্যুলার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
তারা জানান, প্রতিশোধ নয়; সত্য উদঘাটন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও প্রবাসীদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে আইনসম্মতভাবে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এনসিপি ডায়াস্পোরা ইতালি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত