দীর্ঘদিন প্রবাসে জীবন কাটিয়ে দেশে ফিরে ব্যবসার পাশাপাশি নিজেকে মানবকল্যাণে নিয়োজিত করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আব্দুর রহিম। নিজের সামর্থ্য ও প্রবল ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে গৃদকালিন্দিয়া-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের পাশে গড়ে তুলেছেন ব্যতিক্রমী উদ্যোগ ‘মানবতার দেয়াল’。
হাজীবাড়ির সামনে রাস্তার পাশে ছোট ঘরের মতো কাঠের বা টিনের কাঠামোয় সাজানো রয়েছে শিশু, কিশোর, পুরুষ ও নারীদের উপযোগী পোশাক, জুতা এবং প্রয়োজনীয় সামগ্রী। সামর্থ্যবান ব্যক্তি বা যাদের বাড়িতে অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক-জুতা রয়েছে, তারা সেগুলো আব্দুর রহিমের কাছে দিয়ে যান। তিনি সেগুলো গুছিয়ে রাখেন ‘মানবতার দেয়াল’-এ। দরিদ্র ও অসহায় মানুষ সেখান থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী এসব সামগ্রী বিনামূল্যে নিয়ে ব্যবহার করেন。
প্রায় ষাট বছর বয়সী উদ্যোক্তা আব্দুর রহিম জানান, ২০২৪ সালে তিনি প্রথম এই মানবতার ঘর স্থাপন করেন। শুরুতে মানুষের সাড়া কম থাকলেও ধীরে ধীরে উদ্যোগটি পরিচিতি পেতে থাকে। বর্তমানে অনেকে অতিরিক্ত পোশাক ও অন্যান্য সামগ্রী এখানে দিয়ে যাচ্ছেন। গত দুই বছরে অসংখ্য অসহায় মানুষ এখান থেকে বিনামূল্যে জামাকাপড় ও জুতা নিয়ে উপকৃত হয়েছেন বলে জানান তিনি。
আব্দুর রহিম বলেন, মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ আলাদা। অভাবী মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর জীবনের বড় প্রাপ্তি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আরও অনেক অসহায় মানুষের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে তিনি মনে করেন。
স্থায়ী অবকাঠামো না থাকায় বর্ষা ও বৈরী আবহাওয়ায় সামগ্রীগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়ে। আব্দুর রহিম জানান, চাঁদপুর জেলা প্রশাসন, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন বা কোনো বিত্তবান ব্যক্তি স্থায়ী ঘর নির্মাণে সহায়তা করলে তিনি আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এতে পোশাকের পাশাপাশি অসহায়দের জন্য অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও সংরক্ষণ করা সম্ভব হবে。
উদ্যোগটির প্রশংসা করেছেন এলাকাবাসী। আমির উদ্দিন হাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. আনিসুর রহমানের মতে, এটি প্রশংসনীয় উদ্যোগ। প্রশাসন ও এলাকার বিত্তবানরা পাশে দাঁড়ালে ছোট এই উদ্যোগটি বড় মানবিক সেবাকেন্দ্রে পরিণত হতে পারে。
স্থানীয়রা জানান, মানুষের পাশে দাঁড়াতে বেশি অর্থের প্রয়োজন হয় না; প্রয়োজন সদিচ্ছা ও মানবিক মন। উদ্যোগটি এগিয়ে নিতে চাঁদপুর জেলা প্রশাসন, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন এবং দানশীল ব্যক্তিদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা。
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত