১৮ বছর সৌদি আরবে কাটিয়ে পরিবারে স্বাচ্ছন্দ্য আনার চেষ্টা করেছেন ফরিদগঞ্জের মো. কামাল হোসেন। স্ত্রী-সন্তান, ভাই-বোনসহ পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের সুখ ও সন্তানদের ভবিষ্যতের জন্য বাড়ি করলেও ভাইদের জমি নিয়ে বিরোধে সেই সুখ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি। দুই মাস আগে দেশে ফেরার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। কামালের অভিযোগ, তাঁর সহোদররা তাঁকে আবার প্রবাসে যেতে না দেওয়ার চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন। এ কারণে বাড়িতে থাকলেও সৌদি আরবে ফিরতে ভয় পাচ্ছেন তিনি। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ওই প্রবাসী।
কামাল হোসেন জানান, তিনি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপোয়া গ্রামের ইউনুছ মিয়ার পাঁচ ছেলের মধ্যে তৃতীয়। তাঁর তিন বোন রয়েছে। পরিবারের সদস্যদের সচ্ছলতার জন্য গত ১৮ বছর সৌদি আরবে কাটিয়েছেন তিনি। পৈতৃক সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা না হলেও তাঁর ভাইয়েরা নিজেদের মতো করে বাড়ি করে বসবাস করছেন বলে জানান কামাল।
কামালের দাবি, কয়েক বছর ধরে ভাইদের সংসারে বিরোধ তৈরি হয়েছে। তাঁর দখলে থাকা সম্পত্তি দুই ভাই নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছেন। কয়েক মাস আগে তাঁর ঘরের বৈঠকখানা ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে এলাকায় সালিস হলে সেটি মেরামত করে দেওয়া হয়।
কামাল আরও অভিযোগ করেন, এখন তাঁর বাথরুম ভেঙে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে। প্রবাসে থাকা এক ভাই তাঁকে পুনরায় বিদেশে যেতে না দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলেও দাবি তাঁর। এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান কামাল।
এ বিষয়ে কামাল হোসেনের ভাই রিপনের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, কামালের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত