মতলব উত্তর প্রতিনিধি :সকাল হতে না হতেই হাতে দাওলি, নিড়ানি আর সঙ্গে সকালের নাশতা নিয়ে ধানের জমিতে ছুটছেন মতলব উত্তর উপজেলার কৃষক-কিষাণীরা। ভালো ফলনের আশায় আমন ধানের জমিতে আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। উপজেলার বিভিন্ন এলাকার মাঠে এখন চোখে পড়ছে কৃষকদের এমন কর্মব্যস্ততা।
দুর্গাপুর, ষাটনল, এখলাছপুর, কলাকান্দা, সুলতানাবাদ, ইসলামাবাদ, ফরাজিকান্দি ও ছেংগারচর পৌরসভার বিভিন্ন এলাকায় কৃষকদের ধানের জমিতে আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও অন্যান্য পরিচর্যা করতে দেখা গেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে থেকে ধানের যত্ন নিচ্ছেন তারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে মতলব উত্তর উপজেলায় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার সমপরিমাণ জমিতেই আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে ৩ মেট্রিক টন ফলন ধরে আমনের সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার ২১০ মেট্রিক টন।
সূত্রটি জানায়, গত বছর উপজেলায় আউশ আবাদ হয়েছিল ১ হাজার ৫৭০ হেক্টর জমিতে। চলতি বছর তা বেড়ে ২ হাজার ৭০০ হেক্টরে দাঁড়িয়েছে। প্রতি হেক্টরে গড়ে ৩ মেট্রিক টন ফলন ধরে আউশের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ১০০ মেট্রিক টন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিনের বৃষ্টি ও অনুকূল আবহাওয়ায় ধানের পাশাপাশি জমিতে বিভিন্ন ধরনের আগাছাও দ্রুত বেড়েছে। ধানের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে তাই বাড়তি সময় ও শ্রম দিয়ে আগাছা পরিষ্কার করতে হচ্ছে। কৃষকদের ভাষ্য, আগাছা সময়মতো পরিষ্কার না করলে তা ধানগাছের সঙ্গে পানি, সার ও প্রয়োজনীয় পুষ্টির জন্য প্রতিযোগিতা করে। এতে ধানগাছ দুর্বল হয়ে ফলন কমে যাওয়ার আশঙ্কা থাকে।
মধ্য কালীপুর গ্রামের কৃষক সোবহান বেপারী বলেন, আমন ধানের পরিচর্যায় আগাছা পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। বৃষ্টির পর জমিতে আগাছা দ্রুত বাড়ে। ভালো ফলনের আশায় বাড়তি শ্রম দিয়ে জমি পরিষ্কার রাখতে হচ্ছে।
ছেংগারচর পৌরসভার দেওয়ানজীকান্দি গ্রামের কৃষক মো. জসিম উদ্দিন বলেন, আমন মৌসুমে ধানের জমিতে কয়েক দফায় আগাছা পরিষ্কার করতে হয়। জমির অবস্থা বুঝে সার প্রয়োগ ও অন্যান্য পরিচর্যাও করতে হচ্ছে।
সাদুল্লাপুর ও বাগানবাড়ি ইউনিয়নের বিভিন্ন মাঠেও কৃষকদের নিড়ানি দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ ও সেচের ব্যবস্থা করতে দেখা গেছে। গালিমখা গ্রামের কৃষক মো. মুরাদুজ্জামান বলেন, আমন ধানের জমির পরিচর্যা নিয়ে তারা ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ নিয়ন্ত্রণে রাখা গেলে ভালো ফলনের আশা করছেন তারা। তবে উৎপাদন খরচ দিন দিন বাড়ছে।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। কৃষকেরা বর্তমানে আগাছা দমন, সার প্রয়োগসহ প্রয়োজনীয় পরিচর্যা করছেন। বৃষ্টির কারণে আগাছা দ্রুত বেড়ে যেতে পারে, তাই সময়মতো তা পরিষ্কার করা জরুরি। রোগবালাই ও পোকামাকড়ের বিষয়েও কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সময়মতো পরিচর্যা করা গেলে কাঙ্ক্ষিত ফলন অর্জন সম্ভব হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত