মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান উপজেলার সকদিরামপুর গ্রামের বাসিন্দা ও সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদেরের কনিষ্ঠ সন্তান। তার প্রয়াত মা আয়েশা বেগমও গোবারচিত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে আব্দুর রহমান ছিল সবার ছোট। তিন মাস আগে মায়ের মৃত্যু হলে অবুঝ শিশুটিকে বাড়িতে দেখাশোনার মতো কেউ না থাকায় বাবার কর্মস্থল সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণই হয়ে ওঠে তার নিত্যদিনের খেলার জায়গা। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাবার সঙ্গে হাসিমুখে স্কুলে এসেছিল শিশুটি।
শিক্ষক বাবা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। এ সময় আব্দুর রহমান বিদ্যালয়ের বারান্দায় খেলছিল। কিছুক্ষণ পর ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে খোঁজাখুঁজি শুরু করেন আব্দুল কাদের। একপর্যায়ে বিদ্যালয়ের সামনের পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন নিজের আদরের সন্তানকে।
তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র তিন মাস আগে সহধর্মিনীকে হারানো আব্দুল কাদেরের জন্য সন্তানের এমন আকস্মিক মৃত্যু যেন শোকের ওপর শোকের বোঝা হয়ে এসেছে। স্ত্রীকে হারানোর ক্ষত শুকানোর আগেই কনিষ্ঠ সন্তানকে হারিয়ে তাঁর বুকফাটা আহাজারিতে ভারী হয়ে উঠেছে সকদিরামপুর গ্রাম ও বিদ্যালয় প্রাঙ্গণ। হৃদয়বিদারক এ ঘটনায় সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত