মোঃ আনোয়ার মৃধা : জলাতঙ্ক প্রতিরোধে চাঁদপুরের মতলব পৌরসভায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ডগ এক্সপার্ট টিমের সদস্য এবং পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌর প্রশাসক কেএম ইশমাম জানান, শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতে এ টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে থাকা কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হবে।
তিনি জানান, কুকুরকে টিকা দেওয়ার জন্য রংপুর থেকে ‘ডগ এক্সপার্ট টিম’-এর সদস্যদের সঙ্গে চুক্তি করা হয়েছে। ডগ এক্সপার্টের তিনটি টিম পৌর শহরের বেওয়ারিশ কুকুরের পাশাপাশি গৃহপালিত কুকুরকেও জলাতঙ্কের টিকা দেবে। এর ফলে কুকুরের কামড়ের পর মানুষের জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, ৫০ শয্যা মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে মোট ৪৪৮ জনকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে কুকুরের কামড়ে আক্রান্ত ৪৬ জন এবং বিড়ালের কামড়ে আক্রান্ত ৪০২ জনকে টিকা দেওয়া হয়। তাদের মধ্যে প্রথম ডোজ ১৭৯টি, দ্বিতীয় ডোজ ১৪৮টি এবং তৃতীয় ডোজ ১২১টি টিকা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত