স্টাফ রিপোর্টার : নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ফোরাম চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠিত ১০ দিনব্যাপী নাট্যোৎসবের নবম দিনে মঞ্চস্থ হয়েছে চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের নাটক ‘মহুয়া’। ১ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়।
ময়মনসিংহ গীতিকা অবলম্বনে দ্বিজ কানাই রচিত পালাগান থেকে নাট্যরূপ দেওয়া ‘মহুয়া’ চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের প্রথম প্রযোজনা। এটি দলটির তৃতীয় মঞ্চায়ন।
নাটকটি উপভোগ করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হাসান শাহরিয়ারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নাট্যজন শরীফ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইনুদ্দিন লিটন ভূঁইয়া, রূপালী চম্পক, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক সিকদারসহ সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা।
দ্বিজ কানাইয়ের রচিত ‘মহুয়া’ বাংলা লোকসাহিত্যের একটি প্রাচীন গাথা। প্রায় ৩৭০ বছর আগে রচিত এই পালাগান ‘নদের চাঁদ ও মহুয়া’র পালা বা গাথা হিসেবেও পরিচিত। মধ্যযুগীয় বাংলার বিভাজন, শ্রেণিভেদ ও সামাজিক কুসংস্কারে আবদ্ধ গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে গড়ে উঠেছে এর কাহিনি। সামাজিক বাধা ও প্রতিকূলতার মধ্য দিয়ে মানবিক প্রেম এখানে সংগ্রামের প্রতীকে পরিণত হয়েছে।
প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন কাব্য কণিকা। নির্দেশনায় ছিলেন নাজমুল হোসেন বাপ্পি এবং প্রযোজনা অধিকর্তা সিয়াম খান। ‘মহুয়া’ চরিত্রে অভিনয় করেন আফসানা পাটওয়ারী এবং ‘নদের চাঁদ’ চরিত্রে স্বাধীন দত্ত।
অন্যান্য চরিত্রে অভিনয় করেন সিয়াম খান, পিপলু দাস, বিশ্বজিৎ প্রীতম, মরিয়ম মাহি, তানজিল, শিশির ও হৃদিকা বিশ্বাস রিয়া। বন্দনায় অংশ নেন সুমাইয়া সূচনা, মাখনুন ও জাহান মিম। লোক চরিত্রে ছিলেন আসিফুল আলম এবং মাঝি ও প্রহরী চরিত্রে সঞ্জয়।
নাটকের গানে ছিলেন ঐশী দাস এবং তবলায় সহযোগিতা করেন খোকন দাস। নৃত্যে অংশ নেন মিতু ধর, স্নিগ্ধা সাহা, আইরিন বৃষ্টি ও মুক্তা। আবহ সংগীতে ছিলেন সিয়াম খান ও স্বাধীন দত্ত; নিয়ন্ত্রণে ছিলেন তীর্থ ভৌমিক। আলোক পরিকল্পনায় ছিলেন নূরে আলম নয়ন। মঞ্চ নির্মাণে কাজ করেন নাজমুল হোসেন বাপ্পি ও সিয়াম খান। রূপসজ্জায় ছিলেন গোবিন্দ মণ্ডল। সাজসজ্জায় কাজ করেন আফসানা, তৃণা বণিক ও মৃত্তিকা বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত