স্টাফ রিপোর্টার : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)-এর উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে ‘প্লেসমেন্ট সেলিব্রেশন ডে ২০২৬’ উদযাপিত হয়েছে।
গত এক বছরে দেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরি পাওয়া গ্র্যাজুয়েটদের পেশাগত সাফল্য উদযাপন, বিশ্ববিদ্যালয় ও অ্যালামনাইদের সম্পর্ক আরও দৃঢ় করা এবং কর্মসংস্থানে অবদানের জন্য শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠানকে ‘সেরা নিয়োগকর্তা’ সম্মাননা দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুবুল করিম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, কোষাধ্যক্ষ ড. হামিদুল হক খান এবং রেজিস্ট্রার ড. নাদির বিন আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড্যাফোডিল ফ্যামিলি ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃতী গ্র্যাজুয়েটদের শুভেচ্ছা জানান এবং ভিডিও বার্তা দেন।
আমন্ত্রিত গ্র্যাজুয়েটদের অভ্যর্থনা ও নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী পর্বে উপাচার্যের স্বাগত বক্তব্যের পর সফল গ্র্যাজুয়েটরা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও সাফল্যের কথা তুলে ধরেন। পরে চাকরিপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়।
ডিআইইউ কালচারাল ক্লাবের পরিবেশনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা সম্মেলন কেন্দ্র’ থেকে র্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ ও শহীদ মিনার ঘুরে ‘নলেজ টাওয়ার’-এ গিয়ে শেষ হয়। এ সময় ডিআইইউ রোভার স্কাউট ও বিএনসিসি সদ্য চাকরিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।
আয়োজনের অন্যতম দিক ছিল পরিবেশ সচেতনতা ও টেকসই অগ্রগতির বার্তা। সফল গ্র্যাজুয়েটদের সম্মাননা জানানোর সময় প্রচলিত ফুলের তোড়ার পরিবর্তে ঐতিহ্যবাহী ‘স্যাশ’-এর সঙ্গে বিভিন্ন শোভাবর্ধক ইনডোর প্ল্যান্ট উপহার দেওয়া হয়। প্রতিটি গাছে লেখা ছিল, ‘আপনার সমৃদ্ধি ও সাফল্য কামনায়’।
দিনব্যাপী এ উৎসব ক্যাম্পাসে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত