চাঁদপুরে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকার পুরানবাজার চেম্বার ভবনের সামনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে র্যালিতে থানা পুলিশের সদস্যদের পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক চাঁদ মিয়া, উপ-পরিদর্শক নজরুল ইসলাম ও এএসআই হাবিব।
সমাবেশে নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাঝি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিস বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্সী, সহ-সভাপতি কামাল মজুমদার এবং ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহমেদ বলেন, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কঠোর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ডোপ টেস্টে যাদের ফল পজিটিভ আসবে, তাদের বিরুদ্ধে সরাসরি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাদক নির্মূলে এলাকাভিত্তিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
র্যালিতে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সচেতনতামূলক বার্তা প্রচারের মধ্য দিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত