ফরিদগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে আবেদনকারী জাকির হোসেন ভোটকেন্দ্রটি বর্তমান স্থানে বহাল রাখার যৌক্তিকতা তুলে ধরেন। এর আগে কেন্দ্র স্থানান্তরের আবেদনকারীদের পক্ষ থেকে উপস্থিত কয়েকজনও তাদের বক্তব্য তুলে ধরেন।
শুনানি শেষে তদন্তকারী কর্মকর্তা সরেজমিনে পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজালাল মামুনসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুনানিতে জাকির হোসেন বলেন, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বহু বছর ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যবহৃত হয়ে আসছে। তার দাবি, ২০১১ সালে তৎকালীন এক চেয়ারম্যান প্রার্থী নিজের সুবিধার জন্য কেন্দ্রটি ভেঙে প্রত্যাশী আর এ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এর কিছু অংশ নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন।
জাকির হোসেনের ভাষ্য, বৃহত্তর জনগোষ্ঠী ও যাতায়াতের দূরত্বের বিষয়টি বিবেচনা না করে পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পুরোপুরি বাতিলের জন্য আবেদন করা হয়েছিল। তবে তিনি ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে না পারায় আগের শুনানিতে অংশ নিতে পারেননি। এ কারণে নতুন করে শুনানি ও তদন্তের আবেদন করা হয়েছে বলে জানান তিনি।
শুনানি ও সরেজমিন পরিদর্শন শেষে প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন। তিনি বলেন, “সরকারের পাশাপাশি জনগণের চাহিদার বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে।”
কেন্দ্রটি বহাল থাকবে নাকি স্থানান্তর করা হবে, সে বিষয়ে তদন্ত প্রতিবেদন ও পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার ভোটাররা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত