জানাজা ও দাফন শেষে বাসায় ফেরার পথে মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় চাঁদ বক্স পাটওয়ারীর পরিবারের তিন সদস্য ও প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। ঘটনাস্থলেই মারা যান মামী, খালা ও খালু এবং চালক। আরেক খালা মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
চাঁদপুর শহরের নতুন বাজার জেএম সেনগুপ্ত রোড এলাকার বিশিষ্ট ব্যক্তি মরহুম চাঁদ বক্স পাটওয়ারীর পরিবারে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
চাঁদ বক্স পাটওয়ারীর মেয়ের ঘরের নাতনি এবং চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র লায়লা হাসান চৌধুরী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইন্তেকাল করেন। ওই দিন বাদ আসর পুরানবাজার চৌধুরী বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা, দাফন ও দোয়া অনুষ্ঠান শেষে ঘনিষ্ঠ স্বজনেরা নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।
শনিবার চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে নিজস্ব প্রাইভেটকারে রওনা হন চাঁদ বক্স পাটওয়ারীর মেজো ছেলে ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম মিজানুর রহমান রতন পাটওয়ারীর স্ত্রী জামেনা বেগম, চাঁদ বক্স পাটওয়ারীর মেয়ে শামীমা আরা চম্পা, তাঁর স্বামী মো. বজলুর রহমান লিটন এবং আরেক মেয়ে সাবিহা আক্তার।
বিকেলের দিকে মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকার ভবেরচরে দ্রুতগামী একটি বাসের সঙ্গে তাঁদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই জামেনা বেগম, শামীমা আরা চম্পা, বজলুর রহমান লিটন ও গাড়িচালক মারা যান। সাবিহা আক্তারকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তিনি আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
চাঁদ বক্স পাটওয়ারী ৭০ থেকে ৯০ দশক পর্যন্ত চাঁদপুর শহরে পরিচিত ছিলেন। তিনি চাঁদপুর বারের আইনজীবী এবং চাঁদপুর মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর পরিবারের একাধিক সদস্যের এই মৃত্যুর ঘটনায় চাঁদপুরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত