মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার থেকে বহরী এয়ারপোর্ট হয়ে বহরী আড়ং বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১৬ বছর আগে সড়কটি প্রথম পাকা করা হয়। আট বছর আগে একবার সংস্কার করা হলেও কিছুদিন পরই পিচ ও ইট-সুরকি উঠে গিয়ে সড়কজুড়ে বড় বড় খানাখন্দ তৈরি হয়। বর্তমানে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
সড়কের দুরবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি চিকিৎসাপ্রার্থী রোগী, গর্ভবতী মা এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। স্থানীয় ৬ থেকে ৭টি গ্রামের মানুষকে উপজেলা ও জেলা সদরে যাতায়াতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বহরী আড়ং বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বকাউল এবং স্থানীয় বাসিন্দা সুরুজ, বারেক, রিপন ও সোবহান জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে অবহেলিত অবস্থায় রয়েছে। বাজারে পণ্য আনা-নেওয়ায় ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় ও কষ্ট হচ্ছে। জনস্বার্থে সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান তারা।
মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সড়কটির বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিয়ে সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। দ্রুত সড়কটি সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত