হাজীগঞ্জের নবগঠিত ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার কৈয়ারপুল এলাকার তালুকদার ভিলায় স্থাপিত অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধন শেষে দোয়া মাহফিলের মাধ্যমে ইউনিয়নের প্রশাসনিক কাজের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, কার্যালয় চালুর মাধ্যমে নবগঠিত ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত নাগরিক সেবা দেবেন বলে তিনি জানান। অলিপুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলতে মাদক, ইভ টিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। ইউনিয়নের সার্বিক ও আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এর আগে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে ইউপি কার্যালয়ের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আবুল বাসার।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, নবগঠিত ইউনিয়নের প্রশাসক মো. মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত মাসে হাজীগঞ্জ সদর ইউনিয়নের ছয়টি এবং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের একটি গ্রাম নিয়ে মোট সাতটি গ্রাম নিয়ে অলিপুর ইউনিয়ন গঠন করা হয়। একই সঙ্গে হাজীগঞ্জ সদর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পুনর্গঠন করে সরকারি গেজেট প্রকাশ করা হয়।
এদিকে একই দিন জেলা প্রশাসক হাজীগঞ্জ থানা পরিদর্শন করেন। পরে পৌরসভা মিলনায়তনে পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শহরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে দাপ্তরিক কাজের খোঁজখবর নেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত