স্টাফ রিপোর্টার : রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে বিশ্রামরত এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় গ্রামে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো রঙের একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে ফুটপাতে থাকা মেহেদী হাসানকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন গাড়ির নিচ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করেন। এ সময় ক্ষুব্ধ লোকজন গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, কাজের ফাঁকে মেহেদী ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। গাড়িচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটক কিশোর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তার ছেলে। প্রাইভেটকারটি তার পরিবারের। গাড়িটি একজন চালক চালাচ্ছিলেন বলে জানা গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।
তবে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেহেদীকে চাপা দেওয়ার পর গাড়ি থেকে দুজন ব্যক্তি নামেন। চালকের আসনের পাশ দিয়ে কালো টিশার্ট পরা এক কিশোর এবং অপর পাশ দিয়ে শার্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তি বের হয়ে আসেন। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা গাড়ির পাশে যান। পরে ওই কিশোরকে সেখান থেকে সরে যেতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত