মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইয়াকুব আলীর গরুর খামারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়লে সেখানে থাকা তিনটি গরু আগুনে পুড়ে মারা যায়। পরে আগুনে খামারটিও সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় শেষ পর্যন্ত গরুগুলোকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। চোখের সামনে নিজের গরুগুলোর করুণ মৃত্যু দেখে ভেঙে পড়েন খামারি ইয়াকুব আলী। পরিবারের সদস্যরা জানান, এ ঘটনার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন।
ইয়াকুব আলীর ছেলে আমান উল্লাহ অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে খামারে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইয়াকুব আলীর জামাতা মো. খোকন জানান, কিছুদিন আগে তাদের খামার থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে গরুটি রেখে চোরেরা পালিয়ে যায়। ওই ঘটনার সঙ্গে বর্তমান অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে পরিবার।
পরিবারের সদস্যদের ধারণা, খামারে কোনো বিদ্যুৎ সংযোগ না থাকায় আগুনটি বাইরে থেকে লাগানো হয়ে থাকতে পারে। তাদের সন্দেহ, পেট্রোলজাতীয় কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে মাটি খুঁড়ে আগুনে পুড়ে মারা যাওয়া তিনটি গরুকে দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, “এটি একটি হৃদয়বিদারক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত