অভিযুক্ত শিক্ষক মোঃ জুয়েল তালুকদার হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলী আজম। তিনি মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রায় এক বছর আগে তিনি ওই বিদ্যালয়ে যোগদান করেন।
জানা গেছে, গত কয়েক মাস ধরে ‘জুয়েল তালুকদার’ নামের একটি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যঙ্গ করে বিভিন্ন পোস্ট এবং কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। একইভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েও বিভিন্ন মন্তব্য ও ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নজরে এলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে দাবি জানান।
এর পরিপ্রেক্ষিতে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কে এম ইসমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে অভিযুক্ত শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন, ‘ঐ শিক্ষক মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটূক্তি করেছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
অভিযোগের বিষয়ে শিক্ষক জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। পরবর্তীতে আমি এসব পোস্ট ডিলিট করে দিয়েছি।’
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি কে এম ইসমাম জানান, অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত