চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলার দায়ে মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ ও ব্যবস্থাপনার জন্য তাকে ৭ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর জেলা সদরের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে অভিযানটি পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে পুকুরের একটি অংশ ভরাট করে সেখানে গরুর খামারের বর্জ্য ফেলা হচ্ছিল। বিষয়টি পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে জরিমানা করা হয়। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়।
চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জলাশয়ে খামারের বর্জ্য ফেলা হলে পানিদূষণ, দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গবাদিপশুর খামারের বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জৈবসারসহ বিভিন্ন কাজে ব্যবহার করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত