মতলব উত্তর থানায় দায়ের করা একটি মাদক মামলায় আসামির পক্ষে জামিন আবেদন করায় সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন মেহেদী হাসানকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে আদেশের অনুলিপি পাঠানো হবে না—সে বিষয়েও তাঁর ব্যাখ্যা চাওয়া হয়েছে। চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশনা দেন।
আদালত সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার একটি মামলায় (জিআর নং-১৭২/২৫) ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সৈকত হোসেন। সম্প্রতি তাঁর পক্ষে জামিনের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. জসিম উদ্দিন মেহেদী হাসান।
আদালতের আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবীর মূল দায়িত্ব রাষ্ট্রের পক্ষে আদালতকে আইনগত সহায়তা দেওয়া। এপিপি পদে থাকা অবস্থায় একই মামলার আসামির পক্ষে জামিন চাওয়া পেশাগত দায়িত্বের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি করেছে কি না, তা আগামী ধার্য তারিখে আইনজীবীকে ব্যাখ্যা করতে হবে।
একই সঙ্গে আদালতের আদেশের অনুলিপি অবগতির জন্য চাঁদপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জামিনের অপব্যবহারের আশঙ্কা এবং সৈকত হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ ধারায় অভিযোগ থাকায় আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর আসামিপক্ষে জামিন চাওয়ার ঘটনা চাঁদপুরের আইনজীবী মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত