বাবুরহাট মডেল টাউন সংলগ্ন জনগুরুত্বপূর্ণ শহীদ আবুল কালাম সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া খানাখন্দ ও বড় গর্তের কারণে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। সাম্প্রতিক বৃষ্টিতে জমে থাকা পানিতে সড়কটি যেন পুকুরে পরিণত হয়েছে। এতে সিএনজি অটোরিকশা ও রিকশা উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, রোগী এবং প্রবীণ ব্যক্তিরা ভোগান্তির মধ্যে যাতায়াত করছেন। এ পরিস্থিতিতে বাবুরহাট পশ্চিম বাজার থেকে উত্তর দাসদী মিজি স্কুল ও অভয় বাবুর দিঘির পাড়গামী সিএনজি অটোরিকশা, অটোবাইক ও রিকশাচালকেরা যৌথভাবে উদ্যোগ নেন।
চালকেরা স্বেচ্ছাশ্রমে বালু ও ভাঙা ইট দিয়ে সড়কের খানাখন্দ ভরাট করে সাময়িক মেরামতের কাজ করেন। তাঁদের ভাষ্য, সড়কের পাশের খালটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের সুযোগ নেই। ফলে পানি জমে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এক চালক অভিযোগ করেন, পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সড়কটি মেরামতে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এ কারণে চালকেরা মিলে স্বেচ্ছাশ্রমে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।
চালকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে স্থায়ী সমাধানের জন্য সড়কটি দ্রুত ও মানসম্মতভাবে সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত