গত ২৪ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিদেশে পালিয়ে যাওয়া ফরিদগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য সোহাগ গাজীকে (৪৫) বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ। কুয়েতের হাওয়ালি নিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা মাদক ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করেন।
সোহাগ গাজী ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার খাঁড়কাদিয়া গ্রামের গাজী বাড়ির এক সাবেক পুলিশ সদস্যের ছেলে।
কুয়েতের গণমাধ্যম ‘আরব টাইমস’-এর প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, অপারেশনস অ্যান্ড পেট্রোলস বিভাগের সদস্যরা একটি খোলা পার্কিং এলাকায় সোহাগ গাজীর সন্দেহজনক আচরণ দেখতে পান। পরে তল্লাশি চালিয়ে তার কাছে মাদক পাওয়া যায়।
প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ গাজী বিভিন্ন স্থানে মাদক লুকিয়ে রেখে মোবাইল ফোনে ক্রেতাদের অবস্থান পাঠিয়ে সরবরাহ করতেন বলে স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে আরও মাদক ও সরঞ্জাম জব্দ করা হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, অভিযানে ১০১ প্যাকেট হেরোইন, ২৫ প্যাকেট মেথামফেটামিন (আইস), মাদক সেবনের চারটি সরঞ্জাম এবং একটি সূক্ষ্ম ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়েছে।
বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন জানান, সোহাগ গাজী ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন এবং আওয়ামী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ৫ আগস্টের প্রেক্ষাপটের পর তিনি এলাকা ছেড়ে কুয়েতে চলে যান বলেও জানান তিনি। দেশে থাকার সময় সরাসরি মাদকের সঙ্গে সম্পৃক্ততার খবর না থাকলেও বিদেশে আটকের পর তার নানা অপকর্মের তথ্য বেরিয়ে আসছে বলে দাবি করেন চেয়ারম্যান।
বর্তমানে সোহাগ গাজী ও উদ্ধার করা মালামাল কুয়েতের সংশ্লিষ্ট আইনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত