ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টারের উদ্যোগে এবং সেন্টারের পরিচালক ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুবাইয়াত ইসলামের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‘স্মার্ট, নিরাপদ ও সুরক্ষিত : স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক সাইবার নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘তরুণদের জন্য সাইবার সচেতনতা (সিএসসি) ২০২৬’ শীর্ষক কর্মশালাটি আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো, দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলা এবং অনলাইন ঝুঁকি মোকাবিলায় বাস্তবভিত্তিক জ্ঞান দেওয়াই ছিল কর্মসূচির লক্ষ্য।
কর্মশালায় রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মাহিম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৯০ জন শিক্ষার্থী ও ২০ জনের বেশি শিক্ষক অংশ নেন। দিনব্যাপী বিভিন্ন সেশন ও আলোচনায় নিরাপদ ডিজিটাল জীবনযাপন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল। এ সময় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফখরে হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ এবং সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক ড. রুবাইয়াত ইসলাম উপস্থিত ছিলেন।
‘সোশ্যাল মিডিয়া ক্রাইম অ্যান্ড ডিজিটাল ক্রাইম’ সেশনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর, সাইবার অপরাধ তদন্তকারী ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অপরাধ, ডিজিটাল প্রতারণা ও সাইবার নিরাপত্তা বিষয়ে দিকনির্দেশনা দেন।
‘ফিনটেক স্ক্যাম’ সেশনে এইচএসবিসি বাংলাদেশের সাইবার সিকিউরিটি প্রধান মো. সাইফুল ইসলাম রাজীব অনলাইন আর্থিক প্রতারণা ও নিরাপদ লেনদেনের উপায় তুলে ধরেন। ‘অনলাইন বুলিং, হ্যারাসমেন্ট অ্যান্ড ফেক নিউজ’ সেশনে উদ্যোক্তা এফ. এম. সারওয়ার হোসেন ভুয়া তথ্যের প্রভাব ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সেশনগুলোর পাশাপাশি ক্যাম্পাস ভ্রমণ ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। বাস্তব উদাহরণ ও ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তার মৌলিক বিষয়গুলো বোঝানো হয়। এ ছাড়া সাইবার সিকিউরিটি সেন্টারের প্রস্তুত করা সাইবার নিরাপত্তা-সংশ্লিষ্ট শব্দ ও পরিভাষার তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সম্মাননা সনদ দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, এ ধরনের উদ্যোগ ব্যক্তিগত তথ্য সুরক্ষা, অনলাইন প্রতারণা শনাক্তকরণ এবং সচেতন ও দায়িত্বশীল ডিজিটাল সংস্কৃতি গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত