‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাজে লাগিয়ে জেলার পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরার আহ্বান জানানো হয়। পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা অনুষ্ঠান সঞ্চালনা করেন।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যটন ব্যবস্থাপনাকে আরও আধুনিক, সহজ ও কার্যকর করতে পারে। পর্যটনকেন্দ্রের তথ্য, যাতায়াত, আবাসন, খাবার, দর্শনীয় স্থান ও প্রয়োজনীয় সেবা সম্পর্কে দ্রুত তথ্য পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ।
তাঁর মতে, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ডিজিটাল প্ল্যাটফর্মে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে হবে। চাঁদপুরের নদী, চর, ইলিশ, ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে জেলাটিকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন তথ্যভান্ডার ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রে যাতায়াত, থাকা, খাবার, নিরাপত্তা ও দর্শনীয় স্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সহজলভ্য করতে হবে। নদী ও চরাঞ্চলের সৌন্দর্য, ইলিশকেন্দ্রিক ঐতিহ্য, ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা এবং স্থানীয় সংস্কৃতিকে পর্যটন প্যাকেজের আওতায় আনারও প্রস্তাব দেন তাঁরা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর। আরও বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম ফয়সাল, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি রানা রহমান।
অনুষ্ঠানে রিসোর্ট মালিক, সমাজসেবক, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত