ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার মো. হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ির মীর হোসেনের ছেলে। তিনি বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা দুইবার নির্বাচিত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
পরে ফরিদগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নাশকতা ও বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত