চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক গঠিত এডহক কমিটি সম্পূর্ণ বাতিল এবং আল-আমিন সোসাইটির পরিচালনা পর্ষদ বহালের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, দীর্ঘদিন ধরে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। সোসাইটির ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি চাঁদপুরের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে দাবি করে তাঁরা সোসাইটির গঠিত পরিচালনা পর্ষদ বহাল রাখার আহ্বান জানান।
কর্মসূচি শেষে অভিভাবকদের পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সোসাইটির সদস্য অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল ও আব্দুস শুক্কুর মস্তানসহ অন্যরা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, আল-আমিন সোসাইটির ব্যবস্থাপনা ও কল্যাণমুখী কার্যক্রমের কারণে চাঁদপুরবাসী একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান পেয়েছে। প্রতিষ্ঠানটির পরিসর বাড়ছে এবং জাতীয় পরীক্ষায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করছে বলেও এতে উল্লেখ করা হয়।
অভিভাবকরা আল-আমিন সোসাইটির গঠিত গভর্নিং বডির অনুমোদন এবং প্রতিষ্ঠান পরিচালনায় ‘অযাচিত সরকারি-বেসরকারি হস্তক্ষেপ’ বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মো. শাহজাহান খান, অ্যাডভোকেট মাসুদুর রহমান বুলবুল, আব্দুস শুক্কুর মস্তান, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী এবং অভিভাবক ফরিদা ও ফারুল বেগম।
অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, ১৯৭৭ সালে প্রতিষ্ঠার পর থেকে আল-আমিন সোসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। প্রায় ৫০ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হলেও বিভিন্ন সময়ে ব্যবস্থাপনায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
তাঁর দাবি, ২০১৯ সালে তৎকালীন সরকারের হস্তক্ষেপে সোসাইটি গঠিত পরিচালনা কমিটি বাতিল করা হয়। পরে সোসাইটি আবার পরিচালনায় আসে। গত দুই বছরে ভালো ফলাফলের দাবি করে তিনি বলেন, সর্বশেষ এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
শাহজাহান খান আরও বলেন, ‘অবৈধ দখল’ থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারের পর একই ইস্যুতে সোসাইটির পরিচালনা পর্ষদ বাতিল করে এডহক কমিটি গঠনের চিঠি দেওয়া হয়েছে। তাঁর দাবি, সোসাইটি গঠিত কমিটির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত রয়েছে।
বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি দখল বা নিয়ন্ত্রণের চেষ্টা না করে উদ্যোগী ব্যক্তিরা চাইলে নিজেদের উদ্যোগে নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন। তাঁরা আল-আমিন একাডেমির শিক্ষা কার্যক্রমে হস্তক্ষেপ না করার আহ্বান জানান।
দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন অভিভাবকরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত