চাঁদপুর সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাহিত্য-সাংস্কৃতিক চর্চা সীমিত অবকাঠামোর মধ্যেও চলছে বলে জানিয়েছেন অধ্যক্ষ প্রফেসর মাসুদুর রহমান। ক্রীড়া শিক্ষকের পদ না থাকা ও মাঠের স্বল্পতার মধ্যেও ইনডোর-আউটডোর গেমস পরিচালনা, সুযোগ-সুবিধা, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনি কথা বলেছেন।
অধ্যক্ষ জানান, কলেজের প্রায় ৭৫ ভাগ জায়গা ভবনে আচ্ছাদিত। অবশিষ্ট মাঠে সীমিত পরিসরে নিয়মিত ব্যাডমিন্টন খেলা হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টও আয়োজন করা হয়।
কলেজে অনুমোদিত কোনো ক্রীড়া শিক্ষকের পদ নেই। খেলাধুলার সার্বিক বিষয় তদারকি করেন শিক্ষক প্রতিনিধি নুরুন্নাহার, জান্নাতুল ফেরদৌস গুলে জান্নাত ও ফাতেমা আক্তার শিল্পী। শিক্ষার্থীরা ইনডোর গেমসে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে উল্লেখ করে অধ্যক্ষ বলেন, ক্যারাম, দাবাসহ বিভিন্ন ইনডোর গেমসের সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
হোস্টেলের আবাসিক ও সাধারণ ছাত্রীদের জন্য ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা রয়েছে। তবে হ্যান্ডবল ও ভলিবলের প্রতি ছাত্রীদের আগ্রহ কম থাকায় বর্তমানে এসব খেলার ব্যবস্থা করা হয়নি। নিয়মিত আন্তঃশ্রেণি ইনডোর গেমস প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাও প্রতিবছর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বলে জানান অধ্যক্ষ। কলেজের ১২ তলা ভবন বা অন্য কোনো ভবনের ছাদে সুইমিংপুল নির্মাণের বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নারী ফুটবল দল গঠনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নাম আহ্বান করা হয়েছিল। তবে পর্যাপ্ত সাড়া না পাওয়ায় দল গঠন ও টুর্নামেন্টে অংশগ্রহণ সম্ভব হয়নি।
অধ্যক্ষের মতে, ছাত্রীদের পর্যাপ্ত আউটডোর গেমসের অনুশীলনের জন্য বড় মাঠ জরুরি। এ জন্য পুরাতন প্রশাসনিক ভবন ও পুরাতন হোস্টেল ভেঙে মাঠের পরিধি বাড়ানোর প্রস্তাব তিনি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত