রাসেল গাজী: দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দুইবার ইউপি সদস্য নির্বাচিত হওয়ার অভিজ্ঞতাকে পুঁজি করে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন মনিরুজ্জামান পাটওয়ারী। ইউনিয়নের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এই নেতা এবার বৃহত্তর পরিসরে জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে ভোটের মাঠে নিজের অবস্থান জানান দিচ্ছেন।
শাহমাহমুদপুর ইউনিয়নের আলুমুড়া গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান পাটওয়ারী ২০১১ সালে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ওই বছর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেন তিনি। ২০১৫ সালে ইউনিয়ন যুবদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০২৩ সাল থেকে ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও রয়েছে তার দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৬ ও ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে দুইবারই বিজয়ী হন মনিরুজ্জামান পাটওয়ারী। বর্তমানে তিনি শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য।
মনিরুজ্জামান পাটওয়ারীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে ২৮টি মামলা হয়েছে এবং চারবার কারাবরণ করেছেন। চার দফায় মোট ১ বছর ১৩ দিন কারাভোগ করেছেন বলেও জানান তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও সম্পৃক্ত থাকার দাবি করেন মনিরুজ্জামান পাটওয়ারী। তার ভাষ্য, এলাকায় রাস্তা-ঘাট, টিউবওয়েল ও পাকা ঘাটলা নির্মাণে সহযোগিতা, বিভিন্ন ভাতা প্রদান এবং দুস্থদের মধ্যে খাদ্য বিতরণসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন।
এ ছাড়া অসহায় ও গৃহহীন মানুষের ঘর নির্মাণে সহযোগিতা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সময়ে আর্থিক ও মানবিক সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। দুর্যোগ ও সংকটের সময় সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি বর্তমানে ইউনিয়নের গ্রাম আদালত চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন মনিরুজ্জামান পাটওয়ারী।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে মনিরুজ্জামান পাটওয়ারী বলেন, দুইবার ইউপি সদস্য হিসেবে মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পুরো ইউনিয়নের মানুষের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ইভটিজিং মুক্ত একটি উন্নত ও জনবান্ধব মডেল শাহমাহমুদপুর ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন বলে জানিয়েছেন মনিরুজ্জামান পাটওয়ারী। রাজনৈতিক কর্মকাণ্ড ও জনপ্রতিনিধি হিসেবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত