চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনের পরিচিত সংগঠন ‘দোয়েল সাংস্কৃতিক সংগঠন’-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি সংগঠনের শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনায় অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান সমন্বয়ক পি. এম. বিল্লালের তদারকিতে আয়োজনে প্রধান অতিথি ছিলেন ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। বিশেষ অতিথি ছিলেন ‘চাঁদপুর নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার এবং ‘নাটমঞ্চ’-এর সভাপতি উজ্জ্বল হোসাইন। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আছিয়া আক্তার মিথিলা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, নিয়মিত সংস্কৃতি চর্চা নতুন প্রজন্মের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির পাশাপাশি সমাজে মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সাংস্কৃতিক পর্বে মো. জুয়েল হোসেন (ফারাবী)-এর নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা বিভিন্ন নৃত্য পরিবেশন করেন। ‘আলগা করে গো’ গানে আকাশ ও রাহা, ‘পাতার বাঁশরী’ গানে রাহা ও আকাশ এবং ‘চ্যাঁংড়া বন্ধু রসিয়া’ গানে শামীম, সাইফুল, আকাশ, জিয়া, মৌমিতা, লিজা ও নেহা অংশ নেন।
এ ছাড়া ‘রসিলা রসিলা’, ‘নাও ছাড়িয়া দে’, ‘যে আমার মন কেড়েছে’ ও ‘গ্রামের নওজোয়ান’ গানে সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। লোকজ সংস্কৃতি ও তারুণ্যের উদ্দীপনায় ভরা এসব পরিবেশনা দর্শকেরা উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত