শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরা সেই মেরুদণ্ডের মূল কারিগর। শিক্ষাদানের মহান ব্রতে আত্মনিয়োগ করে নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া শিক্ষকদের মধ্যে ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে কাজ করা মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক (মাদ্রাসা)’ নির্বাচিত হয়েছেন।
দীর্ঘ শিক্ষাজীবনে সততা, নিষ্ঠা ও অধ্যবসায়ের পরিচয় দেওয়া মাও. মো. মোশাররফ হোসাইন শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষা, দেশপ্রেম, সহনশীলতা ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্ব দিয়েছেন। দ্বীনি শিক্ষা ও আধুনিক যুগের চাহিদার মধ্যে ভারসাম্য রেখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে দিকনির্দেশনা দেওয়া তাঁর শিক্ষাদানের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
জাতীয় পর্যায়ে এই স্বীকৃতির পেছনে সহজ ও সাবলীল ভাষায় পাঠদান, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষভাবে অনুপ্রাণিত করা, শিক্ষা পরিবেশ উন্নত করা, ডিজিটাল শিক্ষার সংযোজন এবং সহশিক্ষা কার্যক্রমে অবদানের কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে তাঁকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক (মাদ্রাসা) হিসেবে নির্বাচন করা হয়েছে।
মাও. মো. মোশাররফ হোসাইন চাঁদপুর জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন ও চাঁদপুর সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত কালেক্টরেট জামে মসজিদের খতীব। তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের মাস্টার ট্রেইনার।
তিনি ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা থেকে কামিল (হাদিস) প্রথম শ্রেণি, চাঁদপুর সরকারি কলেজ থেকে বিএ ও এমএ প্রথম শ্রেণি এবং দারুল উলূম ঢাকা থেকে ইফতা প্রথম শ্রেণিতে সম্পন্ন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজিবুর রহমানের তত্ত্বাবধানে ২০২২ সালে তিনি এমফিল ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহা. বিলাল হুসাইনের তত্ত্বাবধানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে তিনি পিএইচডি কোর্সে ভর্তি হয়েছেন। তাঁর গবেষণার বিষয় ‘আব্বাসীয় যুগে আরবি অভিধান চর্চা ও বিকাশ’.
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত