‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই, বই কখনও হয় না পর, বইয়ের সঙ্গে বাঁধবো ঘর, বইয়ের দিকে বাড়াও হাত, ঘুচে যাবে অন্ধ রাত’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে মাসব্যাপী ৬ষ্ঠ ‘বই উপহার মাস-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চর্যাপদ সাহিত্য একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে রক্তিম ফিতা কেটে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি জ্ঞানমূলক ও সৃজনশীল বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে। অবসর সময়ে বই পড়ার অভ্যাস তরুণদের মননশীলতা বিকাশে সহায়তা করে এবং মাদকসহ নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। তিনি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।
ডিজিটাল মাধ্যমের প্রসারের প্রসঙ্গ তুলে সোহেল রুশদী চর্যাপদ সাহিত্য একাডেমির সাহিত্য ও বইকেন্দ্রিক কার্যক্রম বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতে একটি সমৃদ্ধ ওয়েবসাইট চালুর প্রয়োজনীয়তার কথা বলেন। এ ধরনের মানবিক ও জ্ঞানভিত্তিক উদ্যোগে প্রেস ক্লাব পাশে থাকবে বলেও তিনি জানান।
চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক নেতা সর্দার আবুল বাশার, রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর অধ্যক্ষ, বিশিষ্ট নারীনেত্রী মাহমুদা খানম, জাফরানী স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, নাট্যজন ও সাংবাদিক কে এম মাসুদ, নারী নেত্রী ইশিতা বেগম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাট্যজন ও সাংবাদিক মোহাম্মদ আলমগীর, চাঁদপুর ল' কলেজের প্রভাষক রোজিনা বেগম চৌধুরী, একাডেমির পর্যবেক্ষক দিলীপ ঘোষ, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম এবং সাহিত্যানুরাগী নাহিদা আফরোজ।
অনুষ্ঠানের আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, অক্টোবর মাসজুড়ে চাঁদপুরসহ আশপাশের পথেঘাটে, অফিস-আদালতে ও যানবাহনে সাধারণ মানুষ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের হাতে প্রায় ১ হাজার কপি বই উপহার দেওয়ার লক্ষ্য রয়েছে। গত সাত বছরে একাডেমিটি সাড়ে ১৩ হাজারের বেশি বই বিনামূল্যে পাঠকদের দিয়েছে বলেও জানানো হয়।
সভাপতির বক্তব্যে আয়েশা আক্তার রুপা বলেন, সমাজে বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি কর্মসূচিটির মূল উদ্দেশ্য। আলোচনা শেষে খোকন দাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অতিথিদের দেশীয় পিঠা আপ্যায়নের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজন শেষ হয়।
২০২১ সাল থেকে নিয়মিত অক্টোবর মাসে ‘বই উপহার মাস’ পালন করছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এর আগে ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বই বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত