স্টাফ রিপোর্টার : মা ইলিশের প্রজনন সুরক্ষা ও দেশের ইলিশ সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করলে সংশ্লিষ্ট জেলেদের কমপক্ষে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে। একই সঙ্গে তাদের নিবন্ধিত জেলে কার্ড বাতিলের পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য দপ্তর আয়োজিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এসব কথা বলেন।
জেলা প্রশাসক জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ সময় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীসংলগ্ন গুরুত্বপূর্ণ ৮ থেকে ৯টি খালের মুখ বন্ধ রাখা, বরফকলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা এবং অভয়াশ্রম এলাকায় ৫টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। অভিযান চলাকালে নদীতে সব ধরনের ড্রেজার চলাচল বন্ধ থাকবে। বহিরাগত জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে নদীর পাশাপাশি সড়কপথেও চেকপোস্ট বসানো হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে একটি ‘কুইক রেসপন্স টিম’।
নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের সহায়তায় চাঁদপুরের ৪১ হাজার ৩৯০ জন জেলের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হবে। এ সময় জেলেরা যাতে এনজিও বা ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধের চাপে না পড়েন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
সভায় জেলা প্রশাসক বলেন, ‘ইলিশের বাড়ি’ হিসেবে পরিচিত চাঁদপুরের ঐতিহ্য ধরে রাখতে প্রজনন সুরক্ষা জরুরি। মা ইলিশ রক্ষায় আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় সভায় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার মুহতাছিন ইসলাম এবং স্থানীয় জেলে প্রতিনিধিরা বক্তব্য দেন।
প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৎস্য বিভাগ ও স্থানীয় জেলেদের যৌথ প্রচেষ্টায় এবারের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত