বাংলাদেশ ফুটবল লীগে ফকিরাপুলের সঙ্গে ১-০ গোলে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচ দেখতে চাঁদপুর স্টেডিয়ামে বিপুল দর্শক উপস্থিত হন। স্টেডিয়ামের দুটি গ্যালারি দর্শকে পূর্ণ ছিল।
শুরু থেকেই ফকিরাপুল কিছুটা আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধের ১৮ মিনিটে গোল পায় মোহামেডান। অধিনায়ক ও উজবেকিস্তানের ফুটবলার মুজাফফারের কর্নার থেকে হেডে গোল করেন জাহিদুল ইসলাম শান্ত। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহামেডান। প্রথমার্ধও ওই ব্যবধানেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ফকিরাপুল। তবে মোহামেডানের রক্ষণভাগের দৃঢ়তায় কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেননি ফকিরাপুলের গাম্বিয়ান খেলোয়াড় সোলেমান সিলা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গত ১৮ সেপ্টেম্বর চাঁদপুরসহ দেশের পাঁচটি ভেন্যুতে একযোগে বাংলাদেশ ফুটবল লীগের উদ্বোধন হয়। ভেন্যুগুলো হলো বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম এবং শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম-মানিকগঞ্জ।
খেলা শেষে অতিথিদের মধ্যে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
এদিকে শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় একই মাঠে আবাহনী ক্রীড়া চক্র ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব মুখোমুখি হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত