চাঁদপুরে বসতবাড়িতে গরুর বর্জ্য অপরিকল্পিতভাবে ফেলে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা সৃষ্টির দায়ে নাজির গাজী নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নাজির গাজী তার বসতবাড়িতে উন্মুক্তভাবে গর্ত করে গরুর বর্জ্য অপসারণ করছিলেন। এতে বর্জ্য ও দূষিত পানি উপচে বৃষ্টির পানির সঙ্গে মিশে পার্শ্ববর্তী নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। একই কারণে পরিবেশ দূষণও হচ্ছিল বলে জানানো হয়।
বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি অপসারিত গরুর বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট খামারিকে নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত