বাজারের আগামী দিনের চাহিদা ও সম্ভাবনা আগে থেকে অনুধাবন করতে পারাই একজন সফল উদ্যোক্তার মূল শক্তি—এমন মন্তব্য করেছেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রানার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) আশুলিয়ার বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ‘শিল্প-শিক্ষায়তন সংযোগ উন্নয়ন’ বক্তৃতামালার ১৮তম পর্বে মূল বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ অনুষ্ঠানটির আয়োজন করে।
শিক্ষার্থীদের উদ্দেশে হাফিজুর রহমান খান বলেন, ভবিষ্যৎ দেখতে পারা উদ্যোক্তারাই সফল ব্যবসায়ী হন। নিজের ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরে তিনি অনৈতিক উপায়ে দ্রুত সফল হওয়ার বদলে সততা ও প্রচলিত আইন মেনে দীর্ঘমেয়াদি ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
তিনি জানান, চাকরি ছেড়ে ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই বড় শিল্পগোষ্ঠী গড়ে দেশে কর্মসংস্থান তৈরির স্বপ্ন ছিল তাঁর। প্রতিকূল পরিস্থিতিতেও লক্ষ্য থেকে সরে না গিয়ে কঠোর পরিশ্রম তাঁকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিআইইউ-এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল। শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে পৃথক ‘উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ’ রয়েছে। হাফিজুর রহমান খানের দিকনির্দেশনা তরুণ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তারা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগের প্রধান কামরুজ্জামান দিদার।
শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ বাড়াতে ২০১৬ সালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এই বক্তৃতা সিরিজ শুরু করে। ধারাবাহিকভাবে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বক্তব্য নিয়ে ড. মো. সবুর খানের সম্পাদনায় ‘পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম’ শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, ১৯৪৭ থেকে ১৯৭১ সময়কালে জন্মগ্রহণকারী সফল উদ্যোক্তাদের জীবনবৃত্তান্ত নিয়ে বইটির দ্বিতীয় খণ্ড শিগগিরই প্রকাশিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত