স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকা থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি মো. আব্দুর রহিম (৪৪)কে আটক করেছে যৌথ বাহিনী। প্রকাশ্যে গ্যাস সিলিন্ডারের ব্যবসার আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে বড় স্টেশন ডকলাইন এলাকার লোকো কলোনিতে অভিযানটি চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর মডেল থানা পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে আব্দুর রহিমের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তি ওই এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আব্দুর রহিম বড় স্টেশন রেলওয়ে শ্রমিক কলোনি মসজিদ মার্কেটে গ্যাস সিলিন্ডারের দোকান পরিচালনার পাশাপাশি রেলওয়ের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করতেন। এসব ব্যবসার আড়ালে তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রাথমিক অনুসন্ধানে ফারহান রানা ও জয় নামে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তাদের আটকে অভিযান ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মোহাম্মদ মিজানুর রহমান জানান, সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান ভবিষ্যতেও জোরদার রাখা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত