আবু মুছা আল শিহাব: স্বপ্ন ছিল আবারও সৌদি আরবে ফিরে যাবেন। পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসের কর্মস্থলে ছুটে যাবেন। হাতে ছিল মাত্র কয়েকটি দিন। আগামী তিন দিন পরই বিমানে ওঠার কথা ছিল আল-আমিনের (৩৮)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস প্রবাসে ফেরার আগেই সড়কে নিথর হয়ে গেলেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মৌতাবাড়ি এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারান সৌদি প্রবাসী আল-আমিন। তিনি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
পরিবারের সদস্যদের ভাষ্য, স্ত্রীকে ওষুধ কিনে দিতে মোটরসাইকেল নিয়ে হাজিগঞ্জে গিয়েছিলেন আল-আমিন। সেখান থেকে শাহরাস্তির দিকে ফেরার পথে মৌতাবাড়ি এলাকায় কুমিল্লা থেকে চাঁদপুরগামী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আল-আমিনের মৃত্যুর খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে পরিবার ও স্বজনদের মধ্যে। যে মানুষটি কয়েকদিন পর আবার প্রবাসের পথে পা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তাকেই শেষ পর্যন্ত ফিরতে হলো নিথর দেহে।
আর সবচেয়ে নির্মম বাস্তবতা আল-আমিনের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তাদের রয়েছে চার বছর বয়সী একটি ছেলে সন্তান। বাবার স্নেহের ছায়ায় বেড়ে ওঠা ছোট্ট শিশুটি হয়তো এখনও জানে না, তার বাবা আর কখনো তাকে কোলে তুলে নেবেন না। আর অনাগত সন্তানটি পৃথিবীতে আসার আগেই হারালো তার বাবাকে।
প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন আল-আমিন। স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে আবার কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের জন্য নতুন স্বপ্ন, ভবিষ্যতের নানা পরিকল্পনা সবকিছুই যেন এক মুহূর্তের দুর্ঘটনায় থমকে গেল।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর এক আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আল-আমিনের চলে যাওয়া শুধু একটি পরিবারের একজন সদস্যকে কেড়ে নেয়নি; এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে করেছে স্বামীহারা, চার বছরের শিশুকে করেছে পিতৃহারা, আর পৃথিবীতে আসতে যাওয়া একটি অনাগত সন্তানকে করেছে বাবাহারা। প্রবাসে ফেরার মাত্র তিন দিন আগে সড়কের একটি দুর্ঘটনা যেন মুহূর্তেই নিভিয়ে দিল একটি পরিবারের সব স্বপ্ন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত