চাঁদপুর সদর উপজেলা ও সোতোকান কারাতে একাডেমির আয়োজনে কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নিয়ে কারাতের বিভিন্ন কলাকৌশল ও আত্মরক্ষার কৌশল শেখেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
দুপুরে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, কারাতে শেখার মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি আত্মরক্ষার কৌশল অর্জন করা যায়। প্রশিক্ষণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।
জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণার্থীদের অধিকাংশই স্কুলপড়ুয়া। নিজেদের ভালোভাবে প্রশিক্ষিত করে অন্যদের শেখাতেও সহযোগিতা করতে হবে। প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিপক্ষের মনোভাব রাখা যাবে না। কারাতে শিখে প্রশিক্ষণার্থীরা ভালো পর্যায়ে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ব্যক্তিগত সহযোগিতার প্রয়োজন হলে তাঁকে জানাতে এবং উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা নেওয়ার কথাও বলেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশনের সহসভাপতি শিহান এ বি রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক সেনসী মঈনুল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির সাধারণ সম্পাদক ও প্রধান কোচ সেনসী মো. জসিম গাজী।
সেমিনারে প্রশিক্ষণার্থীদের কারাতের বিভিন্ন কলাকৌশল ও আত্মরক্ষার পদ্ধতি শেখানো হয়। এসব প্রশিক্ষণ তাঁদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাকে সম্মাননা স্মারক দেওয়া হয়.
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত