শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর পৌর এলাকায় নিরাপত্তা জোরদার, টহল কার্যক্রম গতিশীল করা এবং পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের অঞ্চল-৫ ও অঞ্চল-১০ পরিদর্শন করেছেন পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত সাড়ে ১০টায় অঞ্চল-৫ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।
তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সবাই যাতে নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উৎসবটি উদযাপন করতে পারেন, সে জন্য দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দেওয়ান মো. সফিকুজ্জামান বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের টহল সদস্যদের সক্রিয় থাকতে হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত টহল, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সন্দেহজনক পরিস্থিতি বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুরে নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পূজার পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-৫-এর সভাপতি কাজী শাহাদাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোরশেদ ও সাধারণ সম্পাদক নেপাল সাহা। সভা পরিচালনা করেন পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির দপ্তর সম্পাদক সেলিম রেজা।
এর আগে রাত ১০টায় পৌর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১০ (৪ নম্বর ওয়ার্ড) পরিদর্শন করেন নেতৃবৃন্দ। তাঁরা টহল কার্যক্রমের খোঁজ নেন এবং দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে দুর্গাপূজা চলাকালে নিয়মিত টহল অব্যাহত রাখা, স্থানীয়দের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত