নিজস্ব প্রতিনিধি: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরেও শুরু হয়েছে তথ্য সংগ্রহের কার্যক্রম।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এর আয়োজন করে। একই সময়ে ঢাকায় তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
চাঁদপুরের প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রী চাঁদপুরে এসে রাজরাজেশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেছেন এবং উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করেছেন। তিনি বলেন, এ কার্যক্রমে নিয়োজিত কর্মীরা প্রশিক্ষণ নিয়েছেন এবং জেলার প্রত্যেক উপজেলায় তিনটি করে ইউনিয়নে কাজ শুরু হয়েছে। সবার সহযোগিতায় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানান তিনি।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, প্রযুক্তি ব্যবহার করে সোমবার থেকে পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে স্কোর নির্ধারণ করে কোন পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে, তা যাচাই করা হবে। তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করবেন।
প্রথম পর্যায়ে চাঁদপুর শহরের ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ করা হবে। সদর উপজেলার আশিকাটি, লক্ষ্মীপুর মডেল ও শাহমাহমুদপুর; হাইমচরের নীলকমল, গাজীপুর ও চরভৈরবী; হাজীগঞ্জের বড়কূল পূর্ব, হাটিলা পূর্ব ও কালচোঁ দক্ষিণ; শাহরাস্তির সূচিপাড়া দক্ষিণ, চিতোষী পূর্ব ও রায়শ্রী উত্তর ইউনিয়নও এ পর্যায়ের আওতায় রয়েছে।
এ ছাড়া কচুয়া উপজেলার গোহট দক্ষিণ, সাচার ও গোহট উত্তর; মতলব দক্ষিণের নারায়ণপুর, খাদেরগাঁও ও উপাদি দক্ষিণ; মতলব উত্তরের ফতেপুর পূর্ব, ফতেপুর পশ্চিম ও গজরা; ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম, গোবিন্দপুর দক্ষিণ ও রূপসা দক্ষিণ ইউনিয়নে তথ্য সংগ্রহ করা হবে। সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কার্যালয়গুলো কার্যক্রম বাস্তবায়ন করবে।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর প্রেস ক্লাবের নেতারা এবং জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আরিফ রাসেল, প্রধান সম্পাদক: এমরান হোসেন রাজন, নির্বাহী সম্পাদক: মোঃ জাহিদুর ইসলাম ভূঁইয়া, বার্তা সম্পাদক: মোঃ ইসমাইল হোসেন।
অফিস: কুমিল্লা রোড় চক্ষু হাসপাতালের বিপরীত পাশে পাটওয়ারী ভবন (৩য়) তলা চাঁদপুর সদর, চাঁদপুর। মোবাইল: ০১৯১৪-৬১৩৫৪৪, ০২৩৩৭৭-৪২৮৭৫, ইমেল: banglaaadi@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত